আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস

0
আজ সচিবালয়ে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ ,বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

শিল্পকারখানায় সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে আগামী মঙ্গলবার রাত থেকেই সরবরাহ ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ ও বিকেএমইএসহ প্রধান প্রধান বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে মঙ্গলবার রাত থেকেই শিল্প খাতের সাম্প্রতিক জ্বালানি সংকট কাটিয়ে আগস্ট মাসের পূর্ববর্তী স্বাভাবিক বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। এই সিদ্ধান্তকে ব্যবসায়ী সমাজের জন্য এক বিরাট স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন তিনি।

বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিশেষভাবে বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ ব্যবস্থার ওপর বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরের পুঞ্জীভূত সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, তবে সরকার সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করেছে।

উপদেষ্টা আরও জানান, বিদ্যুৎ–সংকট মোকাবিলায় ইতিমধ্যে পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। একই সাথে গ্যাস, বিদ্যুৎ ও কয়লার মাধ্যমে একটি সমন্বিত উৎপাদনমুখী ব্যবস্থা গড়ার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে সৌরশক্তিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ খাতকে বৈচিত্র্যময় ও জ্বালানিতে দেশকে স্বনির্ভর করে তোলা হবে।