যশোর জেনারেল হাসপাতালে চালু হচ্ছে নতুন চিকিৎসাসেবা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে নতুন আঙ্গিকে বেশ কয়েকটি বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দিকনির্দেশনা এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনের পরামর্শে এসব সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে হাসপাতালে সপ্তাহে একদিন বক্ষব্যাধি বহির্বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন নতুন বিশেষজ্ঞ সেবা সংযুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডা. পরাগ বলেন, আগে থেকে চালু থাকা নিউরোলজি বহির্বিভাগের সেবার দিন একদিন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রায় এক মাস আগে অর্থোপেডিক সেবা চালু হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত স্পাইনাল সার্জারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালটিতে অতি শিগগিরই হাঁটুর এন্ডোস্কোপিক (আর্থ্রোস্কোপিক) সার্জারি চালু করা হবে। এর মাধ্যমে যশোর ও আশপাশের জেলার রোগীরা উন্নত চিকিৎসাসেবা স্থানীয়ভাবেই গ্রহণ করতে পারবেন।

পরাগ বলেণ, নতুন এসব উদ্যোগের ফলে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে।