যশোরে ২৫০ বছরের পুরোনো স্থাপনা ইমামবাড়িতে চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মুড়লিতে অবস্থিত ঐতিহাসিক ইমামবাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা শিয়া সম্প্রদায়ের ১০ মহররমের জন্য ব্যবহৃত মূল্যবান ও প্রাচীন প্রত্নসম্পদ চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় সোমবার হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দানবীর হাজী মুহম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম তাঁর জমিদারির আমলে এই ইমামবাড়ি নির্মাণ করেন। প্রায় আড়াইশ বছরের প্রাচীন এই ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে বিবেচিত। যশোরের মুড়লিতে অবস্থিত এই স্থানটি শিয়া সম্প্রদায়ের প্রার্থনার জন্য ব্যবহৃত হয়।

গত রোববার রাতে মহররমের অনুষ্ঠান শেষ হওয়ার পর ইমামবাড়ির গেট বন্ধ করে সবাই চলে যান। পরদিন সোমবার সকালে এসে দেখা যায়, প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে থাকা দেড়শ বছরের পুরোনো দুটি ছয় ভরি ওজনের পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তি জিনিসপত্র, চেয়ার, ফ্যান, অ্যামপিফায়ার ও স্পিকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত খান জানিয়েছেন, চুরির এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।