যশোর জেনারেল হাসপাতালে রোগী ভাগানোর সময় দুই দালাল আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সময় দুই দালালকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর শহরতলীর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মারুফ হোসেন (৫৫) এবং যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করানোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কমিশন নিতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, এর আগেও ওই দুই ব্যক্তিকে দালালি না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে তাদের আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এরপরও একই কর্মকাণ্ডে জড়িত থাকায় মঙ্গলবার তাদের আবারও আটক করা হয়। ঘটনার পর আটক দুজনকে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।