লোহাগড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, ওঝার চিকিৎসার পর অবস্থার অবনতি

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. পলাশ মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গা গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে ও টাইলস মিস্ত্রি মো. বাপ্পি শেখ জানান, বেলা ১১টার দিকে পলাশ মোল্যা বাড়ির পাশের বিল থেকে শুকনো পাটখড়ি আনতে যান। এ সময় পাটখড়ির ওপর থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

স্থানীয়রা তাকে প্রথমে পাশ্ববর্তী ভাটিয়াপাড়ার কৃষ্ণপুর এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের পর ওঝা শরীর থেকে বিষ নেমে গেছে বলে আশ্বস্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে স্বজনরা ভাটিয়াপাড়া বাজারের একটি দোকান থেকে তাকে গরম দুধ পান করান।

দুধ পান করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে স্বজনরা পলাশ মোল্যার মরদেহ লোহাগড়ার আমডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।