শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, যশোর ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে যশোরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব চলাকালে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।