ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

প্রতিবেশীদের দাবি, ঢাকায় যাওয়ার পথে মুকুলের সঙ্গে শিখার পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কোরাপাড়ায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়

0
ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (বামে) নামে যুবতীর মরদেহ মুকুল (ডানে) নামে এক যুবকের ঘর থেকে উদ্ধার হয়েছে- লোকসমাজ

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: ঝিনাইদহ শহরের কোরাপাড়া এলাকা থেকে শিখা (২২) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের মুকুল নামে এক ব্যক্তির ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন। তবে তার মৃত্যুকে রহস্যজনক দাবি করে স্বজনরা অভিযোগ করেছেন, শিখাকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) রাতে মুকুল শিখাকে তার বাড়িতে নিয়ে আসেন। এরপর সেখানে একটি ঘর সাজানো হয়। দুই দিন পর ওই ঘরের আড়ার সঙ্গে শিখার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

প্রতিবেশীদের দাবি, ঢাকায় যাওয়ার পথে মুকুলের সঙ্গে শিখার পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কোরাপাড়ায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়। বিয়ে নিয়ে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে মুকুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিখার বাবা শহিদুল ইসলাম বলেন, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও মাঝেমধ্যে মোবাইল ফোনে কথা হতো। পারিবারিক নানা কারণে দূরত্ব তৈরি হয়েছিল। তবে মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

নিহতের মামা তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর মুকুল শিখাকে চেনেন না বলে দাবি করেছেন। অথচ তার ঘর থেকেই শিখার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শিখার পরনের জামাকাপড় ছেঁড়া ছিল বলেও তিনি অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মুকুল পালিয়ে যান বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকায় থাকা অবস্থায় মুকুল ফোন করে শিখাকে কোরাপাড়ার বাড়িতে ডেকে নেন। তাদের দুজনের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, ঘরের দরজা ভেঙে শিখার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।