যশোরে যাত্রী ও পরিবহন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর যাত্রী ও পরিবহন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। সভার আলোচ্যসূচি ছিল আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা নিরসন, রেজিস্ট্রেশনবিহীন মোটরযান ও খেলাপী মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা ও নির্ধারিত ভাড়া আদায় ,সড়কে অতিরিক্ত গতি, ওভারলোডিং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,একটানা ৫ ঘন্টা ও দিনে ৮ ঘন্টার বেশি চালকদের গাড়ি না চালানো। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদ-উল-ফিতরের যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিআরটিএ’র পাশাপাশি ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়কে কাজ করবে।
সভায় যশোরের বৃহত্তর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুইজন উপস্থিত ছিলেন। একজন যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু,অপরজন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু । যশোর বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির,নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ, যশোর সড়ক ও জনপদ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, যশোর সদর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর(প্রশাসন) মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহিনুর ইসলাম প্রমুখ।