অনলাইন ব্যবস্থাপনায় যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল যুগে প্রবেশ করল যশোর জেলা আইনজীবী সমিতি। নিজস্ব ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে সমিতির তথ্য ও কার্যক্রমকে আনা হয়েছে অনলাইন ব্যবস্থাপনায়।

রোববার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু। পূর্ণাঙ্গ অটোমেশন ও মেম্বার পোর্টাল চালুর মাধ্যমে অনলাইনে ওকালতনামা, সদস্য চাঁদা, কল্যাণ তহবিল, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ, রসিদ ডাউনলোড, লাইব্রেরি ব্যবস্থাপনা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাস প্রমুখ। সমিতির নতুন ওয়েবসাইটে প্রবেশ করলেই পাওয়া যাবে যশোর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন তথ্য ও কার্যক্রম। ফলে সমিতির পরিচিতি, ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য জানতে আর সরাসরি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

ডিজিটালাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমিতির আর্থিক ব্যবস্থাপনায় পরিবর্তন। এতদিন সমিতির বিভিন্ন ফি ও অর্থ নগদে গ্রহণের যে প্রচলিত ব্যবস্থা ছিল, তা থেকে বেরিয়ে আসছে সংগঠনটি। নতুন ব্যবস্থায় সমিতির নির্ধারিত অর্থ সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এতে নগদ অর্থ গ্রহণ ও সংরক্ষণের ঝামেলা কমবে।

পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও হিসাব সংরক্ষণ আরও সহজ হবে। এ উদ্যোগের ফলে সমিতির সদস্যদের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। প্রতিটি লেনদেন ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসায় আর্থিক ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছেন আইনজীবীরা।

ওয়েবসাইট চালু এবং ব্যাংকভিত্তিক আর্থিক লেনদেনের উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার পদক্ষেপ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিজিটাল ব্যবস্থার ফলে আইনজীবী সদস্যরা সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন। পাশাপাশি সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অবদানও অনলাইনে সংরক্ষিত থাকবে। দীর্ঘ ঐতিহ্যের এই প্রতিষ্ঠান প্রযুক্তির ব্যবহারে দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

যশোর জেলা আইনজীবী সমিতির রয়েছে দীর্ঘদিনের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে আইনজীবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন। এই সমিতির সদস্য ছিলেন উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব যদুনাথ মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত ও খান বাহাদুর লুৎফর রহমান। তাঁদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের সম্পৃক্ততা যশোর জেলা আইনজীবী সমিতির ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু খ্যাতিমান আইনজীবী এ সমিতির সঙ্গে যুক্ত থেকে বিচারাঙ্গন ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।