যশোরে ভোক্তা অধিকারের অভিযান : আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর এলাকার আসিফ সুইটসকে বুধবার ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নানা অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম বুধবার বেলা সাড়ে ১১টায় আসিফ সুইটসের উপশহর ই-ব্লক কলাবাগান শিল্প এলাকার কারখানায় অভিযান চালায়।

ছবি: লোকসমাজ।

এ সময় সেখানে নোংরা পরিবেশ, মাছির উপস্থিতি এবং বাসি মিষ্টি পাওয়া যায়। পরবর্তীতে একই টিম উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের আসিফ সুইটসের দোকানে অভিযান চালিয়। সেখানে দইয়ের পাতিলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিলোনা। এ কারণে প্রতিষ্ঠান মালিক আজিম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার আব্দুর রহমান জানান, জরিমানার পাশাপাশি আসিফ সুইটস কর্তৃপক্ষকে কারখানার পরিবেশ যথাযথ করার নির্দেশনা দেওয়া হয়েছে।