যশোরে বিএনপির সমাবেশে যাওয়ায় শার্শায় কিশোরকে পিটিয়ে জখম

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ গত ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের সমাবেশে যাওয়ায় আল মামুন (১৭) নামে এক কিশোরকে বেদম পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শার্শার পাঁচভুলোট গ্রামে। আল মামুনকে রাতেই স্বজনেরা উদ্ধার করে উপজেলার সাতমাইলের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। আহত কিশোর আল মামুন পাঁচভুলোট গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে।
আহত আল মামুন জানায়, শুক্রবারে সে যশোরে বিএনপির সমাবেশে গিয়েছিল। এ কারণে তাকে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম হুমকি দিচ্ছিলেন। এরপর শনিবার সন্ধ্যারাতে সে বাড়ি থেকে পাঁচভুলোক গ্রামের কাদেরের মোড়ে ইব্রাহীম মেম্বারের চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে যাওয়া মাত্র তাকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য তরিকুলের নেতৃত্বে পাাঁচভুলোট গ্রামের নূরুল হকের ছেলে আইয়ুব হোসেন(৩৫), মজু খোড়ার ছেলে আলাউদ্দিন(৩২)সহ ৫/৭জন স্টিলের টর্চলাইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্থানীয়রা চিৎকার করলে তারা বিএনপি নেতাদের অশ্লীল ভাষায় গালি দিতে দিতে পালিয়ে যান। স্বজনেরা আল আমিনকে উদ্ধার করে সাতমাইল একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, ঘটনাটি আমার জানা নেই । তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।