যশোরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা অভিযানে ৩১০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ৭ জন আটক হয়েছে।
ডিবি পুলিশ জানায়,  বুধবার (৫ এপ্রিল)  রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস সদর উপজেলার কুমার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজাসহ সুমন হোসেন (৩০) নামে এক যুবককে তিনি আটক করেন। সুমন হোসেন একই গ্রামের নান্নু মোল্লার ছেলে। বিকেল সাড়ে ৫টার দিকে এসআই রাজেশ কুমার দাশ ও এসআই আরিফুল ইসলাম চৌগাছায় অভিযান চালান। তারা এ সময় ১৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেন। এরা হলেন চৌগাছা উপজেলার আড়শিংড়ি পুকুরিয়া গ্রামের ফজলুল হকের ছেলে শাওন মিয়া (২৮) এবং চুটারহুদা পূর্বপাড়ার মশিয়ার রহমানের ছেলে তৌকির হোসেন ওরফে আল-আমিন ওরফে লাদেন (২৫)। বৃহস্পতিবার ভোরে এসআই রইচ আহমেদ ও এসআই নিতাই চন্দ্র দাস শার্শা উপজেলার শিকড়ী মাদ্রসাপাড়ায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেন। এরা হলেন, শিকড়ী মাঝেরপাড়ার নূর ইসলামের ছেলে আমিনুর রহমান (৩৭), পুটখালী কানাই খালপাড়ার নুর হোসনের ছেলে জামসের হোসেন (৩৫) ও রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (৩২)।
অপরদিকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শার্শা থানা পুলিশের এসআই মাহফুজ পাঁচভুলট গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতলে ফেনসিডিলসহ সেকেন্দার ওরফে সেকেন (৩২) নামে এক যুবককে আটক করেন। আটক সেকেন্দার ওরফে সেকেন পাঁচভুলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে।