যশোরে পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে ইউপি সদস্যের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ হত্যার হুমকি ও মারধরের অভিযোগে বৃহস্পতিবার হাসিবুল হাসান নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যশোরে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জহুরুল ইসলাম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসিবুল হাসান লেবুতলা গ্রামের পালপাড়ার আতিয়ার রহমানের ছেলে।
ইউপি মেম্বার জহুরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, কনস্টেবল হাসিবুল হাসান ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত আছেন। ছুটিতে বাড়ি এলে তিনি সরকারি মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্নভাবে দাপট দেখিয়ে বেড়ান। তার এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ করলে তিনি পুলিশ সদস্য হওয়ায় লোকজনকে মামলা দিয়ে হয়রানিসহ মারধরের হুমকি দেন। এক পর্যায়ে হাসিবুল হাসানের এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদে গ্রামের মানুষ তার বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণসহ মেম্বার জহুরুল ইসলামের সাথে আলোচনা করেন। গত ২২ আগস্ট সকালে লেবুতলা বাজারের একটি গ্যারেজের সামনে হাসিবুল হাসানের সাথে দেখা হয় জহুরুল ইসলামের। এ সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই বলে মেম্বার জহুরুল ইসলামকে গালিগালাজ এবং মারধর করেন হাসিবুল হাসান। এরই মধ্যে বাজারের লোকজন এগিয়ে এলে হাসিবুল হাসান তাকে খুন জখমের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।