জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

0
জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর মুহূর্ত।। ছবি: পিএমও

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১ সম্মেলন-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার পথে ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।। ছবি: পিএমও

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান যে এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।

তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা সফর করছেন। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।