লাখো প্রাণের উচ্ছ্বাসে জমজমাট সাগরদাঁড়ির মধুমেলা

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর (যশোর)॥ আজ ২৭ জানুয়ারি আধুনিক বাংলা সাহিত্যের মুকুটহীন সম্রাট বাংলায় সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত নয় দিনব্যাপী মধুমেলার সমাপনী দিন । লাখো প্রাণের উচ্ছ্বাসে সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে বসছে মধুমেলা। ১৯ জানুয়ারি শুরু হয় এ মেলা। লাখো মধুভক্ত আর ভ্রমণ পিপাসুদের পদচারণায় মেলাঙ্গণ সরব হয়ে ওঠে। মধু মেলা অশ্লীলতামুক্ত হওয়ায় মধু ভক্তদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রতিদিন সকাল
থেকে রাত পর্যন্ত হাজার হাজার- নারী- পুরুষ শিশু মানুষ পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করেন।
উন্মুক্ত মঞ্চে যাত্রাপালা, সার্কাস দেখে এবং নাগরদোলায় চড়ে সময় কাটিয়েছেন। আবার কেউ কেউ
মেলার মাঠে ঘুরে ঘুরে বিভিন্ন দ্রব্য সামগ্রীসহ সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় ছিলেন ব্যস্ত। সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে শিশুদের খেলনা জাতীয় দ্রব্য। রেশমি চুড়িসহ মেয়েদের সাজগোজের অন্যান্য মালামালও বিক্রি হয়েছে প্রচুর। মেলার মাঠে এবার ছোট বড় মিলে পাঁচ শতাধিক স্টল বসেছে।
মেলার মাঠে মিষ্টির দোকানগুলোতে চানাচুর, মোয়া, মুড়ি, নানা জাতীয় মিষ্টির পাশাপাশি এক থেকে দেড় কেজি ওজনের রসগোল্লা বানিয়ে তা বিক্রি হয়েছে। মধুমেলার মাঠে কৃষি প্রদর্শনীর স্টল না থাকায় অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শীতের নানা রকমের পিঠার পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যসহ মৌসুমি ফল, বাহারি কসমেটিক্সের দোকান, শামুক ঝিনুকের অলংকার, বই, জুতাসহ এমন
কোন আয়োজন নেই যা এবারের মেলায় ছিল না। প্রতিটি স্টলেই আগত মধুপ্রেমী দর্শনার্থীদেও ছিল উপচেপড়া ভিড়। কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য
সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন জানান, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধুমেলায় লাখো মানুষের সমাবেশ ঘটেছে। দর্শনার্থীরা সারাক্ষণ মেলার মাঠে সার্কাস দেখার পাশাপাশি চড়ছেন নাগরদোলায়। মেলার মাঠের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিলো প্রচুর।
এদিকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুসূদন পদক পেলেন কবি সুহিতা সুলতানা। সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তাকে এ পদক প্রদান করা হয়। মধুমেলার ৭ম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ সাগদাঁড়ির মধুমঞ্চে কবি সুহিতা সুলতানার হাতে ‘মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০২৪’ তুলে দেন। মননশীল সাহিত্য প্রতিভার অধিকারী সুহিতা সুলতানা সাহিত্য চর্চা করে সৃজনশীল সাহিত্যে অবদান রাখার পাশাপাশি তার ‘শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের জন্যে এ পদক পান। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো- দাঁড়াও পথিকবর (যৌথ), দুঃসহশুদ্ধতা, অবিরাম শোকার্ত স্বপ্নেরা, অসংখ্য অভিশাপ নিদ্রার ভেতরে, হাওয়ায় হাওয়ায় ওড়ে
বিষঘুম, শূন্যতার এক আশ্চর্য মহিমা, নির্বাচিত কবিতা, ভাসে বহুবিধ খেলা, কবিতাসমগ্র-১, প্রেম ও বিরহের কবিতা, ঘাস হয়ে জেগে থাকে প্রাণভূমি, স্বপ্নবৃত্তান্ত,কোন এক হেমন্তের দিনে, হে জলের অবগুন্ঠন, নৈঃশব্দের এক মধ্যদুপুর, মার্বেলঘুড়ি,জলকপাট, অনন্ত স্বপ্নের ভেতরে, হারিকেনজাল, হাঁসকল, জলে ভরা মেঘের দিকে প্রভৃতি।
বর্তমান যশোর উপশহরের স্থায়ী বাসিন্দা শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দা রেবেকা সুলতানা দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। সুহিতা সুলতানা রাজশাহীবিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকার উপপরিচালক হিসেবে
গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। বাংলা ভাষার পাশাপাশি নরওয়োজিয়ান, রুশ ও হিন্দি ভাষায় চর্চা করেন তিনি।মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মধুমেলার ৭ম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মধুমঞ্চে আলোচনা সভা ও মহাকবি মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।আলোচক ছিলেন, মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ,যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন ও নওয়াপাড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী শওকত শাহী।