যশোরে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তামান্না লিমিটেডের এমডিসহ আট কর্মকর্তার নামে আরও দুটি মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার মাধ্যমে ৪০ জন বিনিয়োগকারীর ১ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৮শ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকাস্থ তামান্না লিমিটেডের এমডিসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে আরও দুটি মামলা হয়েছে। রোববার যশোরের আরবপুর শহীদ মশিউর রহমান সড়কের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম আলাদা মামলা দুটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-তামান্না লিমিটেডের এমডি এম ইকবাল, কর্মকর্তা এম শাহাজাহান আলী, সাইদুর রহমান, এম আতাউর রহমান, এম হারুন-অর-রশীদ, এম নুরুল্যা হেলাল, যশোর শাখার ম্যানেজার শেখ ফরহাদ হোসেন ও কোষাধ্যাক্ষ শামসুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, আমিরুল ইসলাম বিমান বাহিনীতে চাকরি করতেন। আসামিরাও বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেই সুবাদে আসামিদের সাথে তার পরিচয় ঘটে। আসামিরা তামান্না লিমিটেডের নামে চায়না থেকে ইলেক্ট্রনিক্স পণ্যসহ বিভিন্ন পণ্য আমদানি করে দেশের বিভিন্ন স্থানের শো-রুমে বিক্রি করতেন। তামান্না লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিলে বাদী আমিরুল ইসলামসহ ৪০ জন বিভিন্ন সময়ে কোম্পানির যশোর শাখায় ১ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৮শ টাকা বিনিয়োগ করেন। পরবর্তীতে আসামিরা বিনোয়াগকারীদের কোনো লভ্যাংশ দেননি। এরপর বিভিন্ন অজুহাতে ব্যবসা গুটিয়ে নিয়েছেন তারা। ফলে বিনিয়োগের টাকা ফেরত চাইলে আসামিরা নানাভাবে ঘোরাতে থাকেন। চলতি বছরের ৬ জুলাই বাদী আমিরুল ইসলাম আসামিদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তারা টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। এ কারণে ভুক্তভোগী ৪০ জনের পক্ষে আদালতে দুটি মামলা করেছেন আমিরুল ইসলাম।
উল্লেখ্য, বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে এর আগে তামান্না লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে আরও ৫টি মামলা হয়েছে।