যশোরে দু’জনকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে গত বৃহস্পতিবার রাতে দুটি দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। এ সময় তারা ৩ জনকে আহত করার পর টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেল হেসেন (২৪) নামে এক যুবক দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পূর্ব বারান্দিপাড়া লিচুতলা ব্রিজের ওপর পৌঁছালে ৩/৪ জনের একদল সন্ত্রাসী রাসেল হোসেনের গতিরোধ করে এবং ছুরিকাঘাত করে আহত করার পর তার নিকট থেকে ৫শ’ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। রাসেল হোসেন যশোর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের খায়রুল ইসলামের পুত্র। তিনি বারান্দীপাড়া এলাকায় কেশবপুর ফার্মেসির কর্মচারী। ফার্মেসি থেকে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
অপরদিকে, চৌগাছা উপজেলার বলিদাহপাড়ায় নিজ বাড়ির গেটের সামনে ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হয়েছেন রেজাউল ইসলাম (৪২) নামে ইটভাটার এক নৈশ প্রহরী। তিনি বলিদাহপাড়া এমএসডি ইটভাটার নৈশ প্রহরী। রেজাউল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি মসজিদে এশার নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন। গেটের সামনে পৌঁছালে একই গ্রামের লিটন, বাবু, শাহাজান ও শান্তি তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর কাছে থাকা ১৭ হাজার ৩শ’ টাকা নিয়ে নেয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছিনতাইকারীরা রেজাউল ইসলামের ভাইপো সোহেল রানা (৩০)সহ মহিলাদের মারপিট করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা মাদক ব্যবসায়ী বলে রেজাউল ইসলাম জানিয়েছেন।