মৃত্যুকূপ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এগিয়ে আর্জেন্টিনা

অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে মেসিদের দল।

0
মৃত্যুকূপ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন
মিশরের বিপক্ষে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছেন আর্জেন্টিনার অধিনায়ক- সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ ॥ বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখছে আর্জেন্টিনা। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়া লিওনেল মেসির দল শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে মিশরের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই চমক দেখাতে থাকে মিশর। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। এরপর ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় হতাশ হতে হয় তাদের।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর গোলে ব্যবধান ২-০ হলে আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। শেষ ১৫ মিনিটে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। প্রথমে একটি গোল শোধ করে ব্যবধান কমায় তারা। এরপর আরেকটি গোল করে ম্যাচে ২-২ সমতা ফিরিয়ে আনে।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ের নাটকীয় মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজের পাস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। সেই গোলেই স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকেরা।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মিশর সমতায় ফেরার চেষ্টা চালালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এই ফল ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।