যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝুমঝুমপুরে বিজিবি তাদের দফতরের কাছে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এদিন ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে। বিজিবি কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন স্বীকার করেন যে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।