রামপালে ১৪ কেজি গাঁজাসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার নামের ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইব্রাহিম তালুকদার নামের ওই যুবক ফেনী থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে আসছিলেন। তিনি দূরপাল্লার বাসে করে প্রথমে কাটাখালী বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) যোগে রামপালের দিকে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল আগে থেকেই রামপালের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। মাহেন্দ্রটি ফয়লাহাট এলাকা অতিক্রম করার সময় র‍্যাব সদস্যরা সেটির গতি রোধ করেন। পরে সন্দেহভাজন ইব্রাহিমের সাথে থাকা মালামাল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনার পর র‍্যাব বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটক যুবককে ইতিমধ্যে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।