শার্শায় ২০ বোতল উইংস সিরাপসহ যুবক গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান (২৩) ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শার্শা থানার জামতলা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা জানতে পারেন যে মহিষাকুড়া দক্ষিণপাড়া গ্রামে আলামিন নামের এক ব্যক্তির মাছের খামারের মোটর ঘরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন।

এই খবরের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকি মন্ডলের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় হাবিবুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরে তার সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো ২০ বোতল উইংস (WINGS) নামের অবৈধ কাশির সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।