আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে ভেপু, মিছিল আর বাধভাঙা উল্লাস

মিশরের প্রতিটি গোলে নেমে আসে উদ্বেগ আর নীরবতা। আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের পর সেই নীরবতা বদলে যায় উচ্ছ্বাসে

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বিশ্বকাপ জ্বরে মাতোয়ারা যশোরে মঙ্গলবার দিবাগত রাতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের বাধভাঙা উল্লাস। শেষ ষোলোর ম্যাচ উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি চলে। রাত ১০টার আগেই টাউন হল মাঠ, প্যারিস রোড ও আরএন রোডের নতুন বাজার মাঠে সমর্থকদের উপচে পড়া ভিড় জমে।

খেলা শুরুর আগে ভেপুর শব্দে মুখর ছিল মাঠগুলো। তবে মিশরের প্রতিটি গোলে নেমে আসে উদ্বেগ আর নীরবতা। আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের পর সেই নীরবতা বদলে যায় উচ্ছ্বাসে। শেষ বাঁশি বাজতেই সমর্থকদের আনন্দ যেন আর ধরে রাখা যায়নি।

যুক্তরাষ্ট্রের আটলান্টার স্টেডিয়ামের বিজয়োল্লাসের প্রতিধ্বনি পৌঁছে যায় যশোরেও। রাত দেড়টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র দড়াটানাসহ বিভিন্ন মহল্লায় চলে সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাস আর বিজয় উদযাপন।