যশোরে ছয় দিনব্যাপী বইমেলা শুরু

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ছয়দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রথমা প্রকাশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে যশোর ইনস্টিটিউট পাঠকক্ষে অষ্টমবারের মত এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবিদ মোস্তফিজুর রহমান বলেন, বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা বা চাহিদা রয়েছে সেটা প্রথমা’র বইমেলা দেখলে বোঝা যায়। ফেজবুক- ইউটিউব-এ মানুষ আসক্ত হলেও বই ছাড়েনি। বই হলো জ্ঞানের ধারক ও বাহক।
অনুষ্ঠানের শুরুতে সৈয়দ শামসুল হকের লেখা ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু হামিদা হিমু।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির পরিচালক বেগম রোকেয়া পদকজয়ী অর্চনা বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো যশোর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা। আলোচনার মাঝে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু খন্দকার রুবাইয়া।