গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব : পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গোপালগঞ্জ জেলা শহরে দিনভর রীতিমতো তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় লগি–বৈঠা, রাম দা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন অংশে তাদের মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। এসব মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন।

মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ছবি: সংগৃহীত।

অন্যদিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

ছবি: সংগৃহীত।

দিনভর তাণ্ডবের পর গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি

এদিকে এই পরিস্থিতির মধ্যে রোববার গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এদিন উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে।