যশোরের কুখ্যাত রাশেদ আটক

0

 

স্টাফ রিপোটার॥ যশোরে হত্যা, ছিনতাই,ধর্ষণ, ডাকাতি, মাদক মামলার পলাতক আসামি ও গ্রিলকাটা চোর চক্রের হেতা রাশেদুল (৩৬) কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ বোতল ফেনসিডিল, বিভিন্ন কোম্পানির ৭১ টি সিম কার্ড, ৮টি মোবাইল ফোনসেট, একাধিক ম্যানিব্যাগ, ভ্যানেটি ব্যাগ, একটি হাতুড়ি, একটি টুলসেট, বোল্ট কার্টার, একটি কাটিং প্লাস, একটি লোহার কার্টার, একাধিক ব্যাংকের ডেবিড-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মালামাল। আটক রাশেদুল শেখহাটি মোল্লা পাড়ার তোরাফ আলীর ছেলে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরি হওয়ার পর তা তদন্ত করতে গিয়ে তাকে আটক করেছে।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে কোতয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঈদের ছুটির সময় উপশহর জি ব্লক ১৭ নম্বর প্লটে অবস্থিত ‘আর্ট ফোর্ট ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস বন্ধ ছিলো। গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে ফ্যাক্টরি ম্যানেজার লক্ষ্য করেন, দোতলায় স্টোরের জানালা ভাঙা। বিভিন্ন মালামাল নেই। পরে সেখানে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান ২০ এপ্রিল দিবাগত রাত দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এক ব্যক্তি জানালার লক টানটানি করছে।
তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। এক পর্যায়ে সিসি ক্যামেরায় ধারন করা ভিডিওচিত্র দেখে শেখহাটি মোল্লাপাড়া থেকে শুক্রবার রাতে রাসেদুলকে আটক করা হয়। রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দস্যুতা, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, পরিদর্শক ( তদন্ত) সফিকুল ইসলাম চৌধুরী।