ঝিনাইদহে রাবেয়া ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকে অভিযান চালিয়েছে র‌্যাব। গত শনিবার সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাব এই অভিযান চালায়। অভিযানের সময় রাবেয়া ক্লিনিকের মালিক মেহেদী হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট এস এম নুরুন্নবী উপস্থিত ছিলেন। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধীর্ঘদিন ধরে রাবেয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। তারা মেয়াদ উত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করতো। ফলে জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এই অভিযান পরিচালনা করে। এর আগে রাবেয়া হাসপাতালের এক চিকিৎসক মৃত ব্যক্তির ডাক্তারি সনদ নিয়ে দীর্ঘদিন রোগী দেখে আসছিলেন। খবর পেয়ে ২০২২ সালের ২০ আগস্ট র‌্যাব ও সিভিল সার্জন যৌথ অভিযান চালালে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যান।