যমেক হোস্টেলে ছাত্র নির্যাতন আহত জাকিরের ভাইয়ের মামলা রেকর্ড হয়নি কোতয়ালি থানায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থী জাকির হোসেনের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানের গঠিত তদন্ত কমিটি শনিবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রথমদিন কমিটির সদস্যরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেনের সাথে দেখা করে তার বক্তব্য গ্রহণ করেছেন। ৩ দিনের ভেতর কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এই কমিটির।
অপরদিকে জাকির হোসেনের ওপর নির্যাতনের ঘটনায় তার ভাই জাহাঙ্গীর আলম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিলেও গত ৪ দিনেও তা রেকর্ড হয়নি। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম বলছেন, মেডিকেল কলেজের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর মামলা রেকর্ডে পদক্ষেপ নেয়া হবে।
যশোর মেডিকেল কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের চতুর্থ ব্যাচের এমবিবিএস কোর্সের ছাত্র জাকির হোসেন। গত ২২ জানুয়ারি তার ইন্টার্নশিপ শেষ হওয়ায় বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে গত ৩১ জানুয়ারি রাতে কলেজ হোস্টেলের ১০৫ নম্বর কক্ষে তার ওপর নির্মম নির্যাতন চালান পাশের ১০৪ নম্বর কক্ষের মেহেদী হাসান লিওনসহ কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতরা। মাদক সেবন করতে নিষেধ করায় এবং কলেজে ছাত্রলীগের অন্তর্কলহের জের ধরে তার ওপর এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাকির।
পরবর্তীতে আহত জাকির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেন তার ভাই জাহাঙ্গীর আলম। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের বাসিন্দা। এছাড়া ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাটি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটির প্রধান প্রফেসর ডা. এ কে আলম, সদস্য সচিব হল সুপার ডা. সাকলায়েন আজম, সদস্য সহকারী হল সুপার ডা. কাদির শাওন, ডা. শান্তনু ও ডা. আব্দুল্লাহ আল মামুন। ৩ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গঠিত তদন্ত কমিটির সদস্যরা শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার জাকির হোসেনের সাথে দেখা করে এ বিষয়ে তার বক্তব্য গ্রহণ করেন।
আহত জাকির হোসেনের অভিযোগ, ওই কমিটির সদস্য ডা. কাদির শাওনের ইন্ধনেই তার ওপর নির্যাতন চালানো হয়েছিলো। তিনি বলেন, তার জখম স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। শনিবার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুর রহমান নির্যাতনে অভিযুক্তদের সম্পর্কে বলেন, এদেরকে বারবার সংযত হতে বলেছেন। কিন্তু তারা তার কথা শোনেন না।
অপরদিকে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, জাকির হোসেনের ওপর নির্যাতনের ঘটনায় তিনি লিখিত একটি অভিযোগ পেয়েছেন। যেহেতু যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে, সেই কারণে ওই কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছেন । তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও বাদির সাথে আলোচনার পর মামলা রেকর্ডে পদক্ষেপ নিবেন বলে ওসি জানান।