সহিংসতা ও পাল্টাপাল্টি হামলায় অশান্ত দেশ

0
সহিংসতা ও পাল্টাপাল্টি হামলায় অশান্ত দেশ

হত্যা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ; নিরাপত্তা শঙ্কায় বন্ধ দূরপাল্লার বাস

লোকসমাজ ডেস্ক ॥ রাজনৈতিক সংঘাত, পাল্টাপাল্টি হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন এলাকা। আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত গোপালগঞ্জ, নড়াইল, খুলনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও বরিশালসহ বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় প্রাণহানি, হতাহত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তার শঙ্কায় খুলনা ও বরগুনা থেকে দূরপাল্লার অধিকাংশ বাসও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সব মিলিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গোপালগঞ্জে শুরু হওয়া সংঘাত ক্রমে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে। কোথাও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, আবার কোথাও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে পাল্টা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে।

কালিয়ায় বিএনপির দুই নেতাকর্মী নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলায় কৃষকদল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

গোপালগঞ্জে হাসপাতাল ও ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ হামলা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হাসপাতালটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও মালামাল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ ও পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর

সিরাজগঞ্জ শহরের বিরালাকুটি মহল্লায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ছাড়া শহরের এসএস রোডে কার্যক্রম নিষিদ্ধ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। পরে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বগুড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিবুলের পরিবারের দাবি, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ১০০ থেকে ১৫০ জনের একটি দল মিছিল ও স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাকিবুলের মা জানান, রাতে একদল লোক স্লোগান দিতে দিতে বাড়িতে এসে হামলা চালায়। তাঁর ভাই বলেন, রাকিবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। এভাবে পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ন্যায়বিচার দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়ির সামনে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির সামনে মশাল মিছিল, অগ্নিসংযোগ ও কুশপুত্তলিকা দাহ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার রাতে শহরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের বাড়ির সামনে গিয়ে তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা।

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে নারায়ণগঞ্জে নাশকতা করতে না পারেন, সে বার্তা দিতেই তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বরিশালে ট্রাকে পেট্রোল বোমা, সড়কে আগুন

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সড়কের পাশে থামানো ট্রাকটিতে এ হামলা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ছাড়া উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

খুলনায় আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণ

খুলনায় জেলা জজ আদালত ভবন ও সার্কিট হাউস মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে এ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ।

এর কিছুক্ষণ পর সার্কিট হাউস মাঠের মাঝামাঝি ও সীমানাপ্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছুটে আসেন। কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, জজকোর্ট ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরপর গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের ঘটনায় নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা পরিষদের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চারতলা ভবনটির মূল ফটকে আগুন দেওয়া হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, ঘটনার সময় ভবনে নিরাপত্তাকর্মীসহ ১২ জন ছিলেন। নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে সবাইকে সতর্ক করেন। পরে তাঁদের সম্মিলিত চেষ্টায় প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শুধু মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, ভবনের মূল ফটকের পাশে দুটি বোতল পাওয়া গেছে। সেগুলো দেখে বাইরে থেকে জ্বালানি এনে আগুন দেওয়ার ধারণা করা হচ্ছে। ভবনে সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

খুলনা ও বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সহিংসতা ও নিরাপত্তাজনিত শঙ্কায় খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও রাজবাড়ীসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার দুপুরের পর থেকে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে চলাচলকারী অধিকাংশ বাসের যাত্রা স্থগিত করা হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের পর থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ, ফাল্গুনী, দোলা ও এনাসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার ও টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় আগাম টিকিট কাটা যাত্রী ও বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষ ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প পথে পাটুরিয়া-আরিচা ঘাট অথবা যশোর হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

এদিকে বরগুনা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও বুধবার রাতে মাত্র দুই থেকে তিনটি বাস ছেড়ে যায়। বাকি ২০ থেকে ২২টি বাস নিরাপত্তাজনিত কারণে চলাচল করেনি বলে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তাঁদের দাবি, মাদারীপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের আশঙ্কায় বাস ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ সময় টার্মিনালে যাত্রীদের উপস্থিতিও ছিল কম।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাস চলাচল পুনরায় শুরু হবে।

খুলনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মহানগর বিএনপি ও জেলা যুবদলের পৃথক কর্মসূচিতে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে পরাজিত শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

রাজু হত্যার বিচার দাবি রিজভীর

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ স্থানীয় নেতারা।

বক্তব্যে রুহুল কবির রিজভী রাজু হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কি না, সেই শঙ্কা ও বেদনা নিয়ে নিহতের বাবা-মা দিন কাটাচ্ছেন। তিনি আশ্বাস দেন, রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থান করে তিনি বাংলাদেশে অস্থিতিশীলতা ও হত্যাকাণ্ডের পরিকল্পনা করছেন। বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি। তবে ধৈর্যেরও সীমা রয়েছে বলে উল্লেখ করেন রিজভী।

উল্লেখ্য, মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ডে হামলায় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন বলে বিএনপি নেতারা দাবি করেছেন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।

এদিকে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।