৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

0
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন করার শেষ সময় ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ) মাধ্যমে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

এবারের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগের ভর্তির শর্ত শিথিল করা হয় এবং কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়।

এ ছাড়া বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং চারুকলা ইউনিটে ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হলেও আইবিএ ইনস্টিটিউটে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছিল।