টেকনিশিয়ান ছাড়াই হাড় ভাঙার ভুল রিপোর্ট: ডুমুরিয়ায় ফাতেমা ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
খুলনার ডুমুরিয়ায় কোনো টেকনিশিয়ান ছাড়াই রোগীর হাড় ভাঙার ভুল রিপোর্ট সরবরাহ করায় ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।। ছবি: সংগৃহীত

এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা) ॥ খুলনার ডুমুরিয়ায় রোগীর পরীক্ষা-নিরীক্ষার ভুল রিপোর্ট সরবরাহের দায়ে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ক্লিনিকে হাড় ভাঙা রোগী সঞ্জিত মণ্ডলের পরীক্ষা-নিরীক্ষা করেন ক্লিনিক কর্তৃপক্ষ। কোনো টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষার ভুল রিপোর্ট তৈরি করে তা রোগীর কাছে সরবরাহ করা হয়।

বিষয়টি উক্ত রোগীর সন্দেহ হলে তিনি এক্স-রে প্লেটটি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। তখন ওই চিকিৎসক সঞ্জিত মণ্ডলের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় স্থানীয় একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

অভিযানকালে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।