নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

0
খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
-ফাইল ফটো

খুলনা ব্যুরো, লোকসমাজ : সহিংসতা ও নিরাপত্তাজনিত শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসের যাত্রা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ ও আশপাশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বাস চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ রুটের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পর যান চলাচল স্থগিত রাখা হয়েছে।

খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
-সংগৃহীত ছবি

সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ, ফাল্গুনী, দোলা ও এনাসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার ও টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আগাম টিকিট কেটে রাখা যাত্রী এবং বিভিন্ন উপজেলা থেকে টার্মিনালে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পথে পাটুরিয়া-আরিচা ঘাট অথবা যশোর হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।