মোংলায় ১৩ বছরের শিশু ধর্ষণ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলায় ১৩ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকে শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ দিকে এ ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্যে বাদী ও তার স্বজনদের নানা ভয়ভীতি প্রদর্শনসহ মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাকড়ঢোন গ্রামের বাসিন্দা সাইফুল খাঁন ওরফে সাইফুল মুহুরির বাড়িতে গত তিনদিন আগে বেড়াতে আসেন তার ছেলে মিঠু খাঁনের শ্যালক মুসা খাঁন (২০)। ওই শিশুটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাদা বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে সাইফুল মুহুরির বাড়ির সামনে পৌঁছুলে সাইফুলের বাড়িতে বেড়াতে আসা ছেলের শ্যালক মুসা খাঁন একই গ্রামেরই সেকেন্দার খাঁনের ছেলে আহাদ খাঁনের সহায়তায় ডেকে পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় নিয়ে যায়। সেই ফাঁকা বাসায় নিয়ে ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন মুসা। তখন শিশুটির চিৎকার শুনে ঘেরের বাসার পাশের বাড়ির হালিমা বেগম সেখানে ছুটে যান। হালিমা বেগমকে যেতে দেখে মুসা সেখান থেকে সরে পড়েন। পরে ওই শিশুটিকে সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হালিমা বেগম দুপুর ১২টার দিকে তার বাড়িতে নিয়ে গিয়ে শিশুর পরিবারকে খবর দেন। খবর পেয়ে তার পিতা-মা শিশুটিকে নিয়ে দুপুর ১টায় থানায় নিয়ে যান। এরপর থানা থেকে বিকেল ৩টায় শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শিশুটির পিতা বলেন, ধর্ষণের শিকার আমার মেয়েটিকে নিয়ে থানায় যাওয়ার পথিমধ্যে তিন জায়গায় আমাকে আটকাতে বাঁধার সৃষ্টি করেন সাইফুল মুহুরি ও তার ড্রাইভার বাবু শেখ। প্রথমে মাকড়ঢোন রাস্তায় তারপর কুমারখালী ব্রিজের কাছে আমাকে আটকে থানায় যেতে নিষধ করেন তারা। সেখান থেকে চলে আসলে পৌর শহরের রিমঝিম সিনেমা হলের সামনে আবারো আমাকে আটকায় সাইফুলের সহযোগী জুলফিকার মল্লিক নামে অপর এক ব্যক্তি। সকল বাঁধা উপেক্ষা করে মেয়েকে থানায় নিয়ে যাই। সাইফুল মুহুরি ও তার লোকজন আমাকে পথে আটকে বিষয়টির মীমাংসার কথা বলেন। কিন্তু আমি মীমাংসায় রাজি হইনি। রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করি। শিশুটির পিতা পেশায় ইজিবাইক চালক। তার দুই মেয়ের মধ্যে এ মেয়েটি ছোট। নির্যাতিতা শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে সাইফুল খাঁন বলেন, বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর রাতেই আসামি মুসাকে গ্রেফতার করে পুলিশ। মুসাকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়। আটক যুবক মুসা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের আব্দুল হাকিম খাঁনের ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় রাতে থানায় মামলা দায়েরের পরই আসামিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।