শরণখোলায় ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ বালি উত্তোলন

0

 

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় নিষিদ্ধ বোরিং ড্রেজার দিয়ে বিভিন্ন এলাকা থেকে ভূগর্ভস্থ বালি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। সমতলের ফসলি জমি, পুকুর, খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় ভূমিধসের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
সোমবার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামের ফসলি জমি থেকে বরিং ড্রেজার দিয়ে বালি তোলার এমন অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিকেরা জানান,ওই গ্রামের ধলু হাওলাদারের ছেলে প্রভাবশালী রমজান হাওলাদার ও সোহাগ হাওলাদার তাদের জমি থেকে জোরপূর্ব বালি তুলে প্রায় দেড় হাজার ফুট দূরের বিশাল এক পুকুর ভরাট করছেন। বালি তোলার কারণে জমির তলদেশ ফাঁকা হয়ে যাচ্ছে। এতে যে কোনো সময় বিশাল এলাকা নিয়ে জমি দেবে যেতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে বালি উত্তোলকারী রমজান হাওলাদার জানান, যেখান থেকে বালি তোলা হচ্ছে সেই জমির মালিক তারা। তাদের জমি থেকেই তারা বালি তুলে পুকুর ভরাট করছেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে অবৈধ ড্রেজার মালিক ও বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।