মেসির পারিশ্রমিক ফাঁস, পিএসজি বললো ভুয়া

0

লোকসমাজ ডেস্ক॥ পিএসজিতে যোগ দেয়ার পর মেসির পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা। অনেক কথাই বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে সবগুলোকে ভুয়া প্রমাণিত করে প্যারিসের এলইকুইপে পত্রিকা মেসির পারিশ্রমিক সংক্রান্ত সঠিক তথ্য তুলে ধরে। কিন্তু পিএসজির পক্ষ থেকে এই তথ্যকে পুরোপুরি ভুয়া দাবি করা হয়েছে। একদিন আগে প্যারিসের এল ইকুইপে তাদের প্রচ্ছদে মেসির ছবি দিয়ে ব্যানার হেডিংয়ে পারিশ্রমিকের অংকটা প্রকাশ করে। সেখানে দাবি করা হয় মেসি বছরে ৩০ মিলিয়ন ইউরো তথা ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন পিএসজির পক্ষ থেকে। কিন্তু পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনাদো এই সংবাদকে পুরোপুরি ভুয়া বলে দাবি করেছেন। তিনি ‘এলইকুইপে’কে একহাত নিয়ে মন্তব্য করেন, তাদের এই রিপোর্ট পুরোপুরি অগ্রহণযোগ্য, এটা প্রকাশ করাটাও অসম্মানজনক। আমরা কোনোভাবেই পত্রিকাটির কভার পেজের এই রিপোর্ট গ্রহণ করতে পারি না।’ তিনি আরো বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা। এই রিপোর্টে আমাদের প্রতি পুরোপুরি অসম্মান প্রদর্শণ করা হয়েছে। আমরা এ ধরনের কোনো চুক্তিই (মেসির পারিশ্রমিক নিয়ে) করিনি। তারা যে অংকটা ছাপিয়েছে তা সময় এবং সংখ্যা সাপেক্ষে অনেক অনেক দূরে।’ লিওনার্দো দাবি করেন, মেসির সঙ্গে চুক্তিতেই গোপণীয়তা রক্ষার একটি ধারা যুক্ত করা রয়েছে। তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি মেসির পারিশ্রমিক সংক্রান্ত রিপোর্টটি সত্য নয়। আমি বুঝতে পারছি না, তারা এমন একটি সময়কে বেছে নিয়েছে কেন সংবাদটি প্রকাশ করতে। এটার সঙ্গে তো সত্যের লেশমাত্র সম্পর্ক নেই। দুই বছরের চুক্তির বিষয়টি কোনোভাবেই বাধ্যতামূলক কিংবা অবাধ্যতামূলক ব্যাপার নয়।’