ইংল্যান্ডের প্রতিনিধিদলের সন্তুষ্টি, প্রস্তুতি ম্যাচ হতে পারে আনভীর স্টেডিয়ামে

0
ইংল্যান্ডের প্রতিনিধিদলের সন্তুষ্টি, প্রস্তুতি ম্যাচ হতে পারে আনভীর স্টেডিয়ামে

স্পোর্টস রিপোর্টার, লোকসমাজ : ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির এ স্টেডিয়ামের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম ও সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি সম্প্রচার ও মিডিয়া ব্যবস্থা, মেডিক্যাল সুবিধা, দর্শক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন।

এ সময় ইংল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধিদল সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেনি। তবে তাদের সন্তুষ্টির কথা জানান সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করানো হয়েছে। স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, বসুন্ধরা এলাকার এই ক্রীড়া স্থাপনার সুযোগ-সুবিধা অসাধারণ। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার ও মিডিয়া ব্যবস্থা, মেডিক্যাল সেবা, দর্শক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা—সবকিছুই প্রতিনিধিদল খুঁটিয়ে দেখেছে। এ ধরনের সমন্বিত সুযোগ-সুবিধা দেশের সব ক্রিকেট ভেন্যুতে নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসিবির ইতিবাচক মূল্যায়নে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিদল ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। দেশে ফিরে তারা নিজস্ব বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে তাদের উচ্ছ্বাসের বিষয়টি বোঝা গেছে।

ইমরুল হাসান আরও বলেন, নির্ধারিত সময়ে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

২০২৭ সালের বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। মূল সিরিজ শুরুর আগে জো রুট, হ্যারি ব্রুক ও জাফরা আর্চারদের নিয়ে গঠিত ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে।

এর আগে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটির সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।