মৃতের জন্য খাটিয়া আনার পথে ট্রাক চাপায় নিহত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ মৃত স্বজনের জন্য মসজিদ থেকে খাটিয়া আনার পথে ট্রাক চাপায় তিন জন নিহত হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া গ্রামে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)। এ ছাড়া আহত হয়েছেন হবিবার শেখের ছেলে তুহিন শেখ (৩৫)।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গতকাল জানান, নিহত রাসেলের বৃদ্ধা দাদি মা নুরি বেগম(৬০) মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার লাশ দাফনের জন্য স্থানীয় আশ্রয়ন প্রকল্পের মসজিদ থেকে খাটিয়া নিয়ে যাচ্ছিলেন হতাহতরা। আশ্রয়ণ প্রকল্পের সামনে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নড়াইলের দিক থেকে আসা দ্রুতগামী একটি তাদেরকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এবং একজন আহত হন।

স্থানীয়রা আহত তুহিন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।