রণজিৎ বাওয়ালীর মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিতের শোক প্রকাশ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, রণজিৎ বাওয়ালী ছিলেন আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে ভবদহ জলাবদ্ধতা-কবলিত অঞ্চলের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি তাঁর কর্ম ও সংগ্রামের মাধ্যমে দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিজ বাসভবনে রণজিৎ বাওয়ালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, গত ১ জুলাই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ জুলাই থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

ভবদহ আন্দোলনের দীর্ঘদিনের এই নেতা ২০১৬ সালের ৫ অক্টোবর নওয়াপাড়ায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় গুরুতর আহত হন। ওই ঘটনায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে অন্য চোখও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় সম্পূর্ণ অন্ধত্ব বরণ করেন।

ইকবাল কবির জাহিদ আরও জানান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রণজিৎ বাওয়ালী ছিলেন একজন নিরহংকারী, সাহসী ও ত্যাগী মানুষ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, কৃষক-খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।