মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলার সময় লুটিয়ে পড়ে কিশোরের মৃত্যু

0
ফুটবল খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়ল কিশোর, হাসপাতালে মৃত্যু”

লোকসমাজ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে রাব্বি হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। খেলতে খেলতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আযান ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মো. মিরাজ আলীর ছেলে।

রাব্বির বন্ধু অনিম আহমেদ জানান, তারা একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গাংনীতে এসেছিলেন। খেলার একপর্যায়ে রাব্বি হঠাৎ মাঠে বসে পড়েন। কিছুক্ষণ পর তিনি মাটিতে শুয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তিনি বলেন, “আমরা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের চোখের সামনে বন্ধুকে হারাতে হলো। এই কষ্ট কোনোদিন ভুলতে পারব না।”

ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তিনি বিভিন্ন সূত্রে জেনেছেন যে রাব্বির হৃদরোগজনিত সমস্যা থাকতে পারে। খেলার সময় অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, “রাব্বি হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।”

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ফুটবল খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো চিকিৎসা প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।