ভবদহের জলবন্দী মানুষের সংগ্রামী নেতা রণজিৎ বাওয়ালীর জীবনাবসান

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের ভবদহের জলবন্দী মানুষের নেতা রণজিৎ বাওয়ালী আর নেই। বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিজ বাসভবনে তাঁর জীবনাবসান ঘটে। তিনি ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, গত ১ জুলাই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ জুলাই থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

ভবদহ আন্দোলনের দীর্ঘদিনের এই নেতা ২০১৬ সালের ৫ অক্টোবর নওয়াপাড়ায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচিতে অভয়নগর থানার পুলিশের হামলায় গুরুতর আহত হন। ওই ঘটনায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পরে অন্য চোখও ক্ষতিগ্রস্ত হয়ে তিনি প্রায় সম্পূর্ণ অন্ধত্ব বরণ করেন।

ইকবাল কবির জাহিদ আরও জানান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রণজিৎ বাওয়ালী ছিলেন একজন নিরহংকারী, সাহসী ও ত্যাগী মানুষ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের আন্দোলন, কৃষক-খেতমজুরদের অধিকার আদায়, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক এবং আজীবন সংগ্রামী গণমানুষের নেতা রণজিৎ বাওয়ালীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার এক শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক, অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব), সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ এবং যুগ্ম আহ্বায়কবৃন্দসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “রণজিৎ বাওয়ালী ছিলেন আজীবন সংগ্রামী, মানবদরদী, নির্লোভ ও বিশাল হৃদয়ের একজন মানুষ। তার মৃত্যুতে ভবদহ জলাবদ্ধতা কবলিত অঞ্চলের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।”

এদিকে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ পৃথক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় কমরেড ইকবাল কবির জাহিদ মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার বিকেল সাড়ে ৫টায় নওয়াপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।