মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

0
মালয়েশিয়ায় অভিযান থেকে বাঁচতে অবৈধ বাংলাদেশিদের সরকারি 'পিআরএম ২.০' সুযোগ কাজে লাগিয়ে কোনো দালাল ছাড়াই নিরাপদে দেশে ফেরার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন।। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বা নথিবিহীন বাংলাদেশিদের গ্রেপ্তার ও আইনি জটিলতা এড়িয়ে দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের প্রতিদিনের চিরুনি অভিযানের মুখে এই বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম অনিয়মিত বাংলাদেশিদের এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় জানানো হয়, অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিকদের আইনসম্মত ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (PRM 2.0) চালু করেছে। এই কর্মসূচির আওতায় সরকারি নিয়ম মেনে আবেদনের মাধ্যমে নিরাপদে দেশে ফেরার সুযোগ রয়েছে।

স্বদেশে ফিরতে আগ্রহীদের কাছে অবশ্যই বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যদি কারও পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তবে তাঁরা কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট বা ট্রাভেল পারমিট নিশ্চিত করার পর বিমানবন্দরে বিমান টিকিট সংগ্রহ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের তারিখ থেকে কমপক্ষে পাঁচ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে বিমান যাত্রার তারিখ নির্ধারণ করার নিয়ম রয়েছে।

প্রক্রিয়াটির জন্য আবেদনকারীকে নিজে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে। এখানে কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। অফিসে সঙ্গে নিতে হবে মূল পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, বায়োডাটা পৃষ্ঠার কপি, সংশ্লিষ্ট পাস বা পূর্বের কপির নথি এবং সুনির্দিষ্ট বিমান টিকিট।

কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দিয়ে প্রেস সচিব তরিকুল ইসলাম বলেন, এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করলে তা থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসীবিরোধী চিরুনি অভিযান অব্যাহত থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কার্যালয় কিংবা হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জোর তাগিদ দিয়েছে বাংলাদেশ মিশন।