সৌদি আরবে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই ৪ বাংলাদেশির মৃত্যু

0
সৌদি আরবের তায়েফে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিলেটে কানাইঘাটের দুজন রয়েছেন। দীর্ঘদিন পর পকেটে বাড়ি ফেরার টিকিট নিয়ে দেশে ফেরা হলো না তাদের।। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে প্রিয়জনদের কাছে ফিরছিলেন চার বাংলাদেশি। দেশে আসার টিকিটও প্রস্তুত ছিল পকেটে, সঙ্গে ছিল বাড়ি ফেরার লাগেজ। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সৌদি আরবের তায়েফে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফ এলাকার আল-খুরমায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার দুজন রয়েছেন। নিহত বাকি দুজনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

নিহত সিলেটের দুই প্রবাসীর নাম আব্দুল করিম ও খালেদ আহমদ। তারা কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর দেশে তাদের গ্রামে পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালেদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তারা লাগেজসহ তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে ট্যাক্সিযোগে রওনা হন। পথিমধ্যে আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দেশে প্রবাসীদের সানন্দে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা স্বজনরা তাদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, “খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি স্বজনদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।”

এদিকে এই দুর্ঘটনার মধ্য দিয়ে কানাইঘাট উপজেলায় প্রবাসী মৃত্যুর মিছিলে নতুন শোকের সংযোজন হলো। স্থানীয় সূত্র অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে কেবল এই এক উপজেলারই মোট আটজন প্রবাসী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। এর আগে গত জুন মাসে কাতারে এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই জুলাই মাসে সৌদি আরবে আরও এক প্রবাসীর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এবার আরও দুজন প্রবাসীর অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় মাতম চলছে।