পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, জানুয়ারি থেকে বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা

0
তৈরি পোশাকশিল্পে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা তাঁদের বাড়তি বেতন হাতে পাবেন বলে জানানো হয়েছে।। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে শ্রমিকেরা তাঁদের বাড়তি বেতন হাতে পাবেন।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এই তথ্য নিশ্চিত করেছেন। মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ উভয়েই তাদের নিজ নিজ মজুরি প্রস্তাব পৃথকভাবে জমা দেবেন। পাশাপাশি নিরপেক্ষ সদস্যও একটি স্বতন্ত্র মজুরি প্রস্তাব পেশ করবেন এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হবে।

এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত বোর্ডে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, গতকাল পর্যন্ত মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা শেখ আশফাকুর রহমানকে আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।

পোশাকশিল্পের চলমান আন্দোলনের মধ্যে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার এই রদবদল করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে সম্পাদকদের সঙ্গে বৈঠকে দ্রুত মজুরি বোর্ডের সভা ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান।