মালয়েশিয়ায় স্ট্রোকে পারভেজের মৃত্যু, দেশে ফেরা হলো না

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা : পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন পারভেজ ইসলাম (২৪)। স্বপ্ন ছিল, পরিবারের সবার মুখে হাসি ফোটাবেন, সুখে-শান্তিতে রাখবেন স্বজনদের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মালয়েশিয়ায় স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। দেশে ফেরার কথা থাকলেও ফিরতে হচ্ছে লাশ হয়ে।

মৃত পারভেজ ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিন বছর আগে মালয়েশিয়ায় যান পারভেজ। রোববার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

পারভেজের ভাই শাহজালাল জানান, পরিবারের সুখ-শান্তি নিশ্চিত করতে তাঁর ভাই বিদেশে পাড়ি জমিয়েছিলেন। পরিকল্পনা ছিল, ছুটিতে দ্রুত বাড়ি ফিরে সবার সঙ্গে সময় কাটাবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। বাড়িতে ফিরবেন ঠিকই, তবে জীবিত নয়—নির্জীব দেহ হয়ে।

পরিবারের সদস্যরা জানান, পারভেজের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় যোগাযোগ শুরু করেছেন তাঁরা। তবে মরদেহ দেশে ফেরানোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।