যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এতে ভ্যানটির চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীরদরগা এলাকায় জয়কৃষ্ণপুর গ্রামের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান (৬০) ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়া জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এর আগে পোল্ট্রি ফিডবোঝাই কাভার্ড ভ্যানটি জয়কৃষ্ণপুরে অবস্থিত আফিল ফিড কারখানা থেকে বের হয়ে যশোর-বেনাপোল সড়কে ওঠার জন্য রেললাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানটির চালকের কেবিনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চালক আতিয়ার রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত
ঝিকরগাছার জয়কৃষ্ণপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে- লোকসমাজ

লিটন মিয়া আরও জানান, দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি স্বাভাবিক গতিতে গন্তব্যের উদ্দেশে চলে যায়। রেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান রেল পুলিশের ওই কর্মকর্তা।
স্থানীয়রা জানান, কাভার্ডভ্যান চালক সতর্ক না হয়ে রেল পথে ওঠে পড়ে মর্মান্তিক এ ঘটনার শিকার হয়েছেন। এছাড়া স্থানটিতে বিভিন্ন দোকানের সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তা থেকে ট্রেন আসছে কিনা তা দেখার মতো অবস্থা নেই।