মামলা প্রত্যাহার না করায় নারীকে মারপিট ও ভাঙচুর

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ মারপিট ও বাড়িঘর লুটপাটের মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় মামলার বাদী মোছা. নার্গিস বেগম(৪০) কে দুই দফা মারপিট করাসহ তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামে গত সোমবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, কোলা গ্রামের আব্দুস শুকুর শেখসহ তার সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দীর্ঘদিন যাবত নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।
পার পাচুড়িয়া গ্রামের সাহাবুদ্দিন মোল্যার স্ত্রী মোছা. নারগিস বেগম অভিযোগে করেন, আব্দুস শুকুর শেখ ইতোপূর্বে আমার ভাই, চাচা ও আত্মীয় -স্বজনদের মারপিট করাসহ বাড়িঘর লুটপাট করেছে। ওই ঘটনায় আমি লোহাগড়া থানায় মামলা দায়ের করি। শুকুর শেখ ওই মামলা প্রত্যাহার করতে আমাকে নানা সময় হুমকি দিয়ে আসছেন। আমি রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে কোলা গ্রামের শাহাদত শেখ, বাবুল শেখ, সাজ্জাদ শেখ, রাঙ্গা মোল্যা, বাবলু মোল্যা, ডাবলু মোল্যা, জাহিদ শেখসহ প্রায় ৩০ জন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে মারপিট ও শ্লীলতাহানী ঘটায়। এ সময় তারা আমার ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। এরপর উল্লিখিতরা আমার চাচাতো ভাই জিহাদ খার ঘরবাড়ি ভাংচুর করে। গ্রামের লোকজন আমাকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে লোহাগড়া হাসপাতালে আনলে হাসপাতাল চত্বরে সাইফুল ইসলাম শেখ, আনিচার শেখ, নাছিম শেখ তার সহযোগীদের নিয়ে আমাকে পুনরায় মারপিট করে। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসীর উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।