মানসিক ভারসাম্যহীন মা ও যমজ দুই সন্তান পেল নতুন ঠিকানা আর নাম

0

বিএম আসাদ॥ পিতৃপরিচয় না পাওয়া যমজ দুই সন্তান ও তাদের মানসিক ভারসাম্যহীন মাকে আলাদা স্থানে পাঠানো হয়েছে। তাদের বিদায় জানাতে হাসপাতাল চত্বরে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুটি আলাদা অ্যাম্বুলেন্সে করে আলাদা দুটি স্থানে পাঠানো হয়েছে।
১৮ দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা যমজ দুই শিশুকে খুলনার ছোটমণি নিবাসে আর তাদের মাকে ঢাকার কাশিমপুর সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। গাড়িতে ওঠার আগে যমজ শিশু দুটিকে পরানো হয় নতুন জামা আর তাদের মানসিক ভারসাম্যহীন মাকেও পরানো হয় নতুন শাড়ি।
আইনি জটিলতায় এত দিন নবজাতকদের নাম রাখা না গেলেও গতকাল সকালে তাদের নাম রাখা হয়েছে। হাসপাতাল ছাড়ার আগে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ছেলেশিশুটির নাম রাখা হয় মোহাম্মদ মুসা আর মেয়ে শিশুটির নাম রাখা হয় মোছা. মাইশা।
ওই যমজ দুই শিশু ও তাদের মাকে বিদায় জানানোর সময় হাসপাতলে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ, সাবেক তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী মোল্লা, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
দুই শিশু মুসা ও মাইশাকে নিয়ে খুলনার ছোটমণি নিবাসের উদ্দেশে যাত্রা করেন সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রটেকশন কর্মকর্তা খালেদা আক্তার এবং তাদের মা মোছা. মাহিনুরকে গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকতা মুনা আফরিন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ বলেন, ‘মা ও দুই নবজাতক হাসপাতালে আসার পর আমরা সব ধরনের চিকিৎসাসেবা দিয়েছি। সন্তান দুটি তাদের মায়ের কাছে নিরাপদ নয়। কারণ, তাদের মা মানসিক ভারসাম্যহীন। যখনই শিশু দুটিকে মায়ের কোলে দেওয়া হয়, তখনই তিনি ফেলে দেন। যে কারণে মা ও দুই সন্তানকে পৃথক দুটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।’