ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক লাশ চাপা পড়ে আছে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনার পর ঢাকার সাথে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও রেলওয়ে ঢাকার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।