মাগুরায় রোহিঙ্গা পাঁচ যুবক আটক

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরায় রোহিঙ্গা পাঁচ যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। মহাসড়কে পরিবহন বাসে তল্লাশিকালে সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়। আটকরা সকলেই কক্সবাজার উখিয়ার ১ নম্বর কুতুব পালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক যুবকেরা হলেন সেলিম (১৯) সাদেকনুর (২৩) আরাফাত (১৭) রবিউল (২৮) সালমান (১৬)।
শ্রীপুর থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর রাত ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শ্রীপুর ওয়াদা মোড় এলাকায় চেক পোস্ট চলাকালীন সময়ে নিউ গ্রিন এক্সপ্রেস নামে একটি পরিবহন বাসে তল্লাশিকালে রোহিঙ্গা যুবকদের আচরণে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চায় পুলিশ। এ সময় তারা নিজেদেরকে রোহিঙ্গা পরিচয় দিয়ে কক্সবাজার কুতুব পালং এর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করে। পরে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় এই পাঁচ যুবককে পুলিশে হেফাজতে নেয়া হয়। আজ আদালত তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করেছেন বলে জানায় পুলিশ।