মহেশপুরে দু’বছর ধরে টিউবওয়েল নেই স্কুলে

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর ধরে কোনো টিউবওয়েল নেই। ফলে বিদ্যালয়টির ১৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন তীব্র খাবার পানির সংকটে ভুগছেন।

২০২৪ সালে বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের সময় পুরোনো টিউবওয়েলটি অপসারণ করা হয়। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো টিউবওয়েল বসানো হয়নি। ফলে বিদ্যালয়টি এখন পুরোপুরি টিউবওয়েল শূন্য। পানির ব্যবস্থা না থাকায় ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বাসা থেকে পানির বোতল নিয়ে স্কুলে আসতে হচ্ছে।

অনেক সময় অতিরিক্ত গরমে বা দীর্ঘ ক্লাসের কারণে পানি ফুরিয়ে গেলে তাদের ছুটতে হয় আশপাশের বাসা -বাড়িতে। এতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরিন খাতুন বলে, প্রতিদিন বাড়ি থেকে বোতলে করে পানি আনতে হয়। অনেক সময় পানি শেষ হয়ে গেলে পাশের মানুষের বাড়ি থেকে পানি এনে খেতে হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রী সবাই চরম সমস্যায় পড়েছি। আমরা নিজেরাও বাসা থেকে খাওয়ার পানি নিয়ে আসি। সমস্যা সমাধানের জন্যে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে লিখিত আবেদন করেছি।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয় থেকে আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে অতি দ্রুত সেখানে একটি নতুন টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।