২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা

0
২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ ও এলএনজি খাতে যথাক্রমে ৪৩ হাজার ১৯৬ কোটি এবং ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এ সময় তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্ত্রী জানান, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে সরকার। অন্যদিকে, চলতি অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা এবং বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের এই পার্থক্যের কারণে সরকার ভর্তুকি প্রদান করে থাকে।

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভর্তুকি দিয়ে তা বিক্রি করছে উল্লেখ করে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করায় আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সংস্থাটির ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।

এ ছাড়া গ্যাস সংকট কমাতে বিপিসি সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মহেশখালীর মাতারবাড়ী জেটি ব্যবহার করে এই এলপিজি খালাস করা হবে। পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ড, মোংলা, মাতারবাড়ী ও টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএনজি আমদানি প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে গিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় দাম নির্ধারণ করা হয়, যা সময়সাপেক্ষ।

ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য বাবদ ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বর্তমান জ্বালানি সংকটের পেছনে কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং ২১ জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ফলে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছিল।

এছাড়া প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি প্রচলিত পোস্টপেইড মিটারের মতোই এবং গ্রাহক বাজার থেকে নিজে মিটার কিনলে মাসিক মিটার ভাড়া এড়াতে পারেন।